হেলমেট-রেজিস্ট্রেশন বিহীন বাইকে তেল না দেওয়ার নির্দেশ ডিসির
কোনো যানবাহনকে স্লিপ ছাড়া তেল দেওয়া হবে না, সভায় সিদ্ধান্ত।
পিরোজপুরের ফিলিং স্টেশন থেকে হেলমেট ও রেজিস্ট্রেশন বিহীন কোনো মোটরবাইককে তেল না দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক আবু সাঈদ।
প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে ট্যাগ অফিসার নিয়োগের বিষয়টিও জানান তিনি।
রোববার পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জ্বালানি তেল সরবরাহ ও তদারকি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।
এ সময় তিনি বলেন, তেল নিয়ে জনগণের দুর্ভোগ কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । এখন থেকে কোনো যানবাহনকে স্লিপ ছাড়া তেল দেওয়া হবে না।
ডিসি আবু সাঈদের সভাপতিত্বে এ সময় আরো ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল আউয়াল, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুরের সাতটি উপজেলার নির্বাহী কর্মকর্তা, পাঁচটি ডিপো ও ফিলিং স্টেশনের প্রতিনিধিরা।
