মাগুরায় গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
“গরু রেখে পালিয়ে যাওয়ার সময় জনতার পিটুনিতে গুরুতর আহত হন তিনি।”
মাগুরা সদর উপজেলায় গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার ভোররাতে ইছাখাদা ইউনিয়নের ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আশিকুর রহমান জানিয়েছেন।
নিহত ৪২ বছর বয়সী আকিদুল ইসলাম সদরের পাকা কাঞ্চনপুর গ্রামের শহর আলীর ছেলে।
তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি আশিকুর রহমান বলেন, “ইছাখাদা ইউনিয়নের মালন্দ গ্রাম থেকে গরু চুরি করে পালিয়ে যাচ্ছিলেন আকিদুল ইসলাম।
“ইছাখাদা এলাকায় গেলে স্থানীয়রা তাকে ধাওয়া করে। এ সময় গরু রেখে পালিয়ে যাওয়ার সময় জনতার পিটুনিতে গুরুতর আহত হন তিনি।”
পরে গুরুতর অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আকিদুলকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
