২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

কুমিল্লা মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৯৭ সদস্যের কমিটি

একদিন আগে ২৯৫ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কুমিল্লা মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৯৭ সদস্যের কমিটি
আহ্বায়ক আবু রায়হান ও সদস্যসচিব রাশেদুল হাসান।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2024, 12:09 AM

Updated : 26 Aug 2026, 10:58 AM

কুমিল্লা মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যা জেলা ও মহানগর পর্যায়ে সংগঠনটির একাদশ আহ্বায়ক কমিটি।

কমিটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু রায়হানকে আহ্বায়ক এবং একই বিশ্ববিদ্যালয়ের মুহাম্মাদ রাশেদুল হাসানকে সদস্যসচিব করা হয়েছে।

শনিবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেইসবুক পেইজে কুমিল্লা মহানগর আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।

কমিটির বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। আগামী ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন করা হয়েছে।

কমিটিতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মোস্তফা জিহানকে মুখ্য সংগঠক এবং বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) শিক্ষার্থী জাবেদ আহমেদ ভূঁইয়াকে মুখপাত্র করা হয়েছে। 

এই কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৭ জনকে যুগ্ম সদস্যসচিব, ২৮ জনকে সংগঠক ও ১৩৮ জনকে সদস্য করা হয়েছে।

শনিবার রাতে কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, “কুমিল্লা আওয়ামী ‘ফ্যাসিবাদের কবরস্থান’, ‘জুলাই বিপ্লবের রাজধানী’। ‘স্বাধীন’ বাংলাদেশের জন-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কুমিল্লা অগ্রগামী ভূমিকা পালন করবে। 

“সদ্য গঠিত কুমিল্লা মহানগর কমিটির সদস্যদের হাতে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করা হবে। আমরা দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চাই।”

এর আগে শুক্রবার সন্ধ্যায় ২৯৫ সদস্যের কুমিল্লা জেলা আহ্বায়ক কমিটি গঠন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।