১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ছাত্রলীগের মিছিল: লক্ষ্মীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় সেই স্কুলছাত্রের জামিন

১৭ অগাস্ট একই মামলায় একই শর্তে দশম শ্রেণির আরেক ছাত্রকে জামিন দেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 08:13 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ছাত্রলীগের মিছিলের ঘটনায় করা সন্ত্রাসবিরোধী মামলায় এক স্কুলছাত্রকে জামিন দিয়েছে আদালত।

সপ্তাহের প্রতি সোমবার আদালতে হাজির থাকার শর্তে সোমবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. সাদেকুর রহমান তার জামিন মঞ্জুর করেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী আব্দুর রব সুমন।

জামিন পাওয়া ওই ছাত্র উপজেলার চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী।

আইনজীবী বলেন, ওই ছাত্র মামলার ১১ নম্বর আসামি। সোমবার ক্লাসে না গিয়ে আদালতে আত্মসমর্পণ করে সে। পরে বিচারক প্রতি সোমবার আদালতে হাজির থাকার শর্তে জামিন দেন।

এর আগে ১৭ অগাস্ট একই মামলায় একই শর্তে দশম শ্রেণির আরেক ছাত্রকে জামিন দেন আদালত। সেও একই বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ে।

মামলার এজাহারে বলা হয়েছে, ৩০ মে সকালে চর আলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামের মধ্য পূর্ব আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের নিচে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হন। পরে তারা বিভিন্ন স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন। এ সময় মিছিলের ভিডিও ধারণ করা হয়।

এ ঘটনায় ৪ জুন রামগতি থানার এসআই ময়নাল হোসেন ওই স্কুলছাত্রসহ ১২ জনের নামে মামলা করেন।

আরও পড়ুন

ছাত্রলীগের মিছিল: লক্ষ্মীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় স্কুলছাত্র কারাগারে