যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল সোয়া তিন কোটি টাকার বেশি
যমুনা সেতু ওপর দিয়ে একদিনে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। তবে মহাসড়কটিতে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল করছে অনেক বেশি।
এদিকে যমুনা সেতু ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার নয়শ টাকা।
শনিবার সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ তথ্য জানান।
এদিকে, এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শরিফ বলেন, “ঈদযাত্রার শনিবার মহাসড়কে আরও যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে শুক্রবার সরকারি ছুটি হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে।
“বিশেষ করে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার রাত থেকে যানবাহনের চাপ বেড়েছে বেশি। তবে শনিবার দুপুর পর থেকে যানবাহনের আরও চাপ বাড়বে।”
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫ টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩০ হাজার ৩৯৮ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৯৮ হাজার ৫৫০টাকা।
অন্যদিকে ঢাকাগামী ১৭ হাজার ৯৩৭ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫০টাকা।
বৃহস্পতিবার চেয়ে শুক্রবার যমুনা সেতু দিয়ে ১৩ হাজার ১০৮টি যানবাহন বেশি পারাপার হয়েছে। এতে ৭৩ লাখ ১৫ হাজার ৪শ' টাকার টোল আদায় বেশি হয়েছে।
প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, “ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই দুইটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপারের ব্যবস্থা করা হয়েছে ।
সেতুর উপর দিয়ে সার্বক্ষণিক যানবাহনের চলাচলের চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত টোল আদায় বন্ধ হয়নি বলে জানান তিনি।
