১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রেলপাত ‘কাটা’, নীলসাগর এক্সপ্রেস থামাল এলাকাবাসী

মেরামতের পর রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে, বলেন সহকারী স্টেশন মাস্টার মোমিনুর রহমান।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2026, 12:51 AM

Updated : 26 Aug 2026, 03:18 PM

নীলফামারীতে রেলপাত ‘কাটা’ থাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন থামিয়ে দিয়েছেন এলাকাবাসী।

শুক্রবার রাতে পলাশবাড়ী ইউনিয়নের জ্ঞানদাস কানাইকাটা তেঁতুলতলার রেলঘুন্টি এলাকায় ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। 

রেলপাত মেরামতের পর রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে বলে জানান নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোমিনুর রহমান।

তিনি বলেন, রেলপাতের ক্ষতিগ্রস্ত অংশটি সাময়িকভাবে মেরামত করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হিসেবে মোমিনুর রহমান বলেন, “তাপমাত্রা বেশি থাকায় রেললাইনে ফাটল তৈরি হতে পারে।”

তবে স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, রেলপথের অংশটি কেটে ফেলা হয়েছে। 

ট্রেনটি রাত ৮টায় চিলাহাটি থেকে ঢাকার পথে রওনা হয়। নীলফামারীর ডোমার রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির পর সেটি নীলফামারী অভিমুখে ছেড়ে যায়। রেলপাতের যে অংশটি ক্ষতিগ্রস্ত ছিল, সেটির অবস্থান নীলফামারী রেলওয়ে স্টেশন থেকে ৪ কিলোমিটার দূরে।

নাজমুল মিয়া নামে স্থানীয় একজন বলেন, তিনিসহ এলাকার লোকজন দল বেঁধে রেলপথের উপর লাল বাতি, লাল কাপড় ও টর্চ লাইটের মাধ্যমে ট্রেন চালকের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দেখতে পেয়ে চালক ট্রেন থামিয়ে দেন। 

তিনি জানান, ট্রেন থামার পর রেলওয়ের লোকজন এসে সেটি মেরামত করে।