১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে এমএলএম ব্যবসার আড়ালে `ভুয়া চিকিৎসা’, আটক ২

ইউএনও বলেন, তারা ক্যান্সারসহ নানা রোগের চিকিৎসার নামে সরকারের অনুমোদন বিহীন ওষুধ দিচ্ছিলেন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2025, 10:23 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

মানিকগঞ্জের সিংগাইরে ডাক্তার পরিচয় দিয়ে মাল্টি লেভেল মার্কেটিং-এমএলএম ব্যবসার আড়ালে চিকিৎসা দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার বিকালে পৌরসভার অগ্রণী ব্যাংক সংলগ্ন খলিল ভবনের দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগ। 

এ সময় সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারহানা উপস্থিত ছিলেন।

আটকরা হলেন, ওবায়দুল আহমেদ ও মো. সোহেল। ওবায়দুল সিংগাইরের মিদুলিয়া এলাকার খলিল আহমেদের ছেলে এবং সোহেল রাজবাড়ির কালুখালি এলাকার বাসিন্দা। 

স্থানীয়দের বরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ বলেন, তারা দুজন ভুয়া চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে গোপন সংবাদ পেয়ে আমরা অভিযানে এসেছি। 

ইউএনও বলেন, তারা সিংগাইরে ‘তিয়ানসি বাংলাদেশ’ নামে একটি মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির অফিস খুলে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে তারা ক্যান্সারসহ নানা রোগের চিকিৎসার নামে সরকারের অনুমোদন বিহীন ওষুধ দিচ্ছিলেন। 

তবে অভিযুক্ত ওবায়দুল আহমেদ দাবি করেন, তিনি ডাক্তারি করেন না, বরং শুধু ঔষধ বিক্রি করেন। 

অপরদিকে সোহেল জানান, তিনি কোম্পানির প্রতিনিধি। বৈধভাবে ব্যবসা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা রেগুলার মামলা করবো।”