০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে লাখ টাকার বিনিময়ে ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

“যুবকের কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। তিনি বাংলা বলতে পারলেও লিখতে পারছিলেন না,” বলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 10:07 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ভোটার হতে আসা এক রোহিঙ্গা যুবককে আটক করেছে প্রশাসন। তিনি নিজেকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন।

সোমবার দুপুরে গৌরীপুর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাকে আটক করা হয় বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফাওজুল কবীর খান।

আটক মোহাম্মদ মাসুদ (১৯) জিজ্ঞাসাবাদে বলেন, তার বাবার নাম মো. জোবায়ের ও মায়ের নাম শাকিলা খাতুন। তিনি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৮-ই ব্লকের বাসিন্দা। 

ভোটার হওয়ার জন্য স্থানীয় দালালের সঙ্গে এক লাখ টাকার চুক্তি হয়েছিল বলে তিনি দাবি করেন। এর মধ্যে তিনি ১০ হাজার টাকা অগ্রিম দিয়েছেন বলেও জানান।

নির্বাচন কার্যালয় জানায়, ভোটার হওয়ার আবেদনে তিনি উপজেলার সহনাটি ইউনিয়নের দৌলতাবাদ গ্রামের বাসিন্দা হিসেবে পরিচয় দেন। 

আবেদনের সঙ্গে নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধন, শিক্ষাপ্রতিষ্ঠানের সনদ ও রক্তের গ্রুপ পরীক্ষার প্রতিবেদন জমা দেওয়া হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফাওজুল কবীর খান বলেন, “প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সময় ওই যুবকের কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। তিনি বাংলা বলতে পারলেও লিখতে পারছিলেন না।”

তিনি বলেন, সন্দেহ হলে তার দেওয়া ঠিকানা যাচাই করা হয়। পরে জানা যায়, ওই নামে গ্রামের কোনো বাসিন্দা নেই। যে মাদ্রাসার সনদ জমা দেওয়া হয়েছে, সেখানেও ওই নামে কোনো শিক্ষার্থীর তথ্য পাওয়া যায়নি।

প্রাথমিক যাচাইয়ে নথিপত্রের সত্যতা না মেলায় তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়।

আটক মাসুদ দাবি করেন, কয়েক দিন আগে তাকে গৌরীপুরে এনে একটি হোটেলে রাখা হয়। পরে সাগর নামে একজন তাকে নির্বাচন কার্যালয়ে নিয়ে আসেন।

গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।