বেনাপোল স্থলবন্দরে ট্রাকে ‘চাঁদা আদায়’, ৪০ আনসার সদস্য প্রত্যাহার
বন্দরে প্রবেশের বিভিন্ন গেইটে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের বিরুদ্ধে বকশিসের নামে ট্রাকপ্রতি ২০ থেকে ৪০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে।
যশোরের বেনাপোল স্থলবন্দরে ট্রাক চালকদের কাছ থেকে ‘চাঁদা আদায়ের’ অভিযোগে ৪০ জন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রথম ধাপে ৪০ জনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল বন্দরে সদ্য যোগদানকারী আনসার কমান্ডার শ্রী অসিত কুমার।
তিনি বলেন, বর্তমানে বেনাপোল বন্দরে ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত আছেন। প্রথম ধাপে ৪০ জন বদলি হলেও পরবর্তীতে অন্যদেরও বদলি করা হবে।
আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অসিত কুমার।
কয়েকদিন আগে বন্দরে প্রবেশের বিভিন্ন গেইটে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের বিরুদ্ধে বকশিসের নামে ট্রাক প্রতি ২০ থেকে ৪০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনার পর নড়েচড়ে বসেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
জানা গেছে, বন্দরে আমদানি, রপ্তানি পণ্যের নিরাপত্তা ও পণ্যবাহী ট্রাকের গেইট পাশ পরীক্ষা, নিরীক্ষায় ১৬৩ জন আনসার ও বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমারের ১২৯ জন সদস্য দায়িত্বে আছেন।
