১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটোরে ছেলেকে বাঁচাতে এগিয়ে গিয়ে প্রাণ গেল বাবার, হাসপাতালে ছেলে

সপ্তাহখানেক আগে মসজিদের পাশে মোটরসাইকেল রাখা নিয়ে কাউসারের সঙ্গে প্রতিবেশী কয়েক যুবকের কথাকাটাকাটি হয়।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2026, 02:30 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

নাটোরে প্রতিপক্ষের হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে দেশীয় অস্ত্রের আঘাতে এক রংমিস্ত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। 

সোমবার রাত ১২টার দিকে শহরের কান্দিভিটা কদমতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

নিহত আবুল কালাম (৫০) কান্দিভিটা এলাকার শাহাজ উদ্দিনের ছেলে। তিনি রং মিস্ত্রীর কাজ করতেন। তার ছেলে কাউসার মাহমুদ (২৫)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সপ্তাহখানেক আগে কান্দিভিটা কদমতলা মসজিদের পাশে মোটরসাইকেল রাখা নিয়ে কাউসারের সঙ্গে প্রতিবেশী আল হাফিজ, হামজা ও ইমনসহ কয়েক যুবকের কথাকাটাকাটি হয়।

সেই ঘটনার জেরে গত রাত ১২টার দিকে প্রতিপক্ষের যুবকরা একজোট হয়ে কাউছারকে মারধর করতে থাকে। এ সময় কাউসারের বাবা আবুল কালাম ছেলেকে রক্ষায় এগিয়ে যান। তখন প্রতিপক্ষের যুবকরা দুজনকেই ধারালো শাবল ও চাকু দিয়ে এলোপাথারি আঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাবা আবুল কালামের মৃত্যু হয়। ছেলে কাউছার মাহমুদ আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার পর থেকেই প্রতিবেশি যুবকরা গা ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে চলছে বলেও জানান তিনি।