Published : 27 Aug 2026, 03:17 PM
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার আন্ডারপাসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল।
নিহতরা হলেন- উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের প্রবাসী শাহাদাত সর্দারের ছেলে মোটরসাইকেল চালক কাউছার আহমেদ রাতুল (১৭) এবং উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের কাওছার মাতুব্বরের ছেলে রাজু মাতুব্বর (১৭)। তার একে অপরের বন্ধু।
এসআই সোহেল বলেন, ঢাকা থেকে ফরিদপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস আন্ডারপাস অতিক্রমের সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে দুই আরোহী আহত হন। তবে বাসটি ঘটনাস্থল থেকে চলে যায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।
সোহেল বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া বাসটি আটকের জন্য কাজ করছে পুলিশ।