Published : 16 Apr 2026, 11:56 AM
নেত্রকোণার মোহনগঞ্জে ছাত্রীদের উক্ত্যক্ত করার অভিযোগে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবইপাড়া গ্রামের সৈয়দ মাকসুদুল হক চৌধুরী সিয়াম (২২) এবং পৌরশহরের টেংগাপাড়া এলাকার রুনেল মিয়া (২৩)।
ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ওই যুবকরা পৌরশহরের খাদ্যগুদাম সংলগ্ন শিয়ালজানি খালের সেতুর ওপর দাঁড়িয়ে স্কুল-কলেজের ছাত্রীদের অশালীন মন্তব্য করাসহ নানাভাবে উত্ত্যক্ত করছিলেন।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করে।
পরে সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম এম এ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।