Published : 08 Sep 2026, 09:25 PM
চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
ততদিন ভোলার সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ করতে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ভোলার ইলিশা পর্যন্ত সরাসরি ফেরি সার্ভিস চালু করা হয়েছে।
শেখ রবিউল আলম বলেন, “ভোলার সঙ্গে ঢাকা ও দেশের মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগ নিশ্চিত করতে স্থায়ী অবকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রকল্প নেওয়ার চেষ্টা চলছে। এর আগে ফেরি যোগাযোগ আরও কার্যকর করার উদ্যোগ থাকবে।”
মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে ঢাকা-ইলিশা ফেরি সার্ভিস উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, বর্তমানে কাঁচপুর-ইলিশা পথে দুটি ফেরি চলছে। মানুষের চাহিদা থাকায় পথটি গুরুত্ব পাচ্ছে। প্রয়োজনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগও বিবেচনা করা হবে।
বিআইডব্লিউটিসি জানায়, ২৭ অগাস্ট থেকে কাঁচপুর-ইলিশা পথে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়। ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামের দুটি ফেরি এ পথে চলছে। প্রতিটি ফেরির ধারণক্ষমতা প্রায় ২৮০ টন। এতে যাত্রী ও পণ্য পরিবহনের সুবিধা রয়েছে।
কাঁচপুর থেকে ইলিশা যেতে ফেরিতে প্রায় সাত থেকে আট ঘণ্টা সময় লাগে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।