মনপুরায় গৃহবধূকে ‘নির্যাতন ও লুটপাট’: বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১
ওই গৃহবধূর দায়ের করা মামলায় মিরাজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভোলার মনপুরা উপজেলায় এক নারীকে শারীরিক নির্যাতন ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে।
এ সময় বাধা দেওয়ায় ওই গৃহবধূর বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।
রোববার ওই গৃহবধূ বাদী হয়ে মনপুরা থানায় একটি মামলা দায়ের করলে মিরাজ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে তাকে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে মনপুরা থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানিয়েছেন।
এর আগে শনিবার রাতে মনপুরার হাজীর হাট ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মিরাজ একই এলাকার বাসিন্দা মো. কামালের ছেলে।
ভুক্তভোগী ওই নারীকে আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার বিবরণে বলা হয়, ওই গৃহবধু ও তার বাবা ঘরে ঘুমাচ্ছিলেন। রাত ২টার দিকে মিরাজসহ কয়েকজন তাদের ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে শারীরিকভাবে নির্যাতন করে।
পরে ওই নারীর সঙ্গে থাকা স্বর্ণালংকার লুট করে পালিয়ে যাওয়ার সময় বাধা দিলে তার বাবাকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ওসি মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, স্থানীয়দের সহায়তায় আহত নারীকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগীকে নিরাপদ হেফাজতে নিয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
