পাবনায় নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি লাশ
৯ সেপ্টেম্বর বাড়ি থেকে ২০০ গজ দূরে শিশুটির জুতো জোড়া পড়ে থাকতে দেখা গেলেও তাকে পাওয়া যায়নি।
পাবনা সদর উপজেলায় নিখোঁজের সাত দিন পর ১০ বছর বয়সি এক শিশুর লাশ বাড়ির অদূরে ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামের ডোবা থেকে কয়েক খণ্ডে বিচ্ছিন্ন করা মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম।
নিহত কামরুন্নাহার কলি (১০) ওই গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে।
স্বজনরা বলেন, ৯ সেপ্টেম্বর বিকালে বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে যায় কলি। বাজার শেষে বাড়ি ফিরে কেনাকাটার ব্যাগ মায়ের হাতে বুঝিয়ে দিয়েই বাড়ির পাশে খেলতে যায় সে।
তবে সন্ধ্যা গড়িয়ে রাত হলেও সে আর ঘরে ফেরেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে ২০০ গজ দূরে তার জুতো জোড়া পড়ে থাকতে দেখা গেলেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
পরে পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন কামাল প্রামাণিক।
শিশুটির সন্ধানে স্বজনরা বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো ছাড়াও মঙ্গলবার পাবনা শহরে মানববন্ধন করেন, পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।
পরে বুধবার সকালে বাড়ির পাশের ডোবায় বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
সন্তানহারা বাবা কামাল প্রামাণিক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার এত বড় সর্বনাশ কেন করল, আমি তো কখনো কারো ক্ষতি করিনি। আমার নিষ্পাপ মেয়েকে এভাবে হত্যা করল, আমি তাদের এর বিচার চাই।”
ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেছে। এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
আগের সংবাদ -
পাবনায় নিখোঁজের ৫ দিন পরও মেলেনি শিশুর সন্ধান
