Published : 25 Jun 2026, 10:28 PM
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সড়ক বিভাজকে লাগানো বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা করেছে সড়ক ও জনপথ বিভাগ-সওজ।
বৃহস্পতিবার সওজ বিভাগের কার্য সহকারী মোবারক হোসেন বাদী হয়ে অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলাটি করেন বলে জানান চৌদ্দগ্রাম থানার এসআই মো. আব্দুল্লাহ আল মামুন।
মামলার বরাতে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার সময় সড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং বিপরীতমুখী যানবাহনের হেডলাইটের আলো নিয়ন্ত্রণে রাখতে সড়ক বিভাজকে বিভিন্ন প্রজাতির ফুল ও ফলজ গাছ রোপণ করা হয়।
এসব গাছের মধ্যে ছিল রাধাচূড়া, কাঞ্চন, সোনালু, কৃষ্ণচূড়া, কদম, বকুল, পলাশ, কেসিয়া ও জারুলসহ বিভিন্ন প্রজাতির গাছ।
মোবারক হোসেন বলেন, কয়েক দিন আগেও উপজেলার উজিরপুর ইউনিয়নের শামুকসার এলাকায় মেসার্স শাহ নেওয়াজ ব্রিক ফিল্ডের পূর্ব পাশে মহাসড়কের বিভাজকে থাকা গাছগুলো অক্ষত অবস্থায় দেখেছিলেন। পরে সওজের উপ-সহকারী প্রকৌশলী পলাশ চাকমার কাছ থেকে গাছ কেটে নেওয়ার খবর পান।
সওজ কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান বলেন, দুই-এক দিনের মধ্যে শামুকসার এলাকায় মহাসড়কের বিভাজক থেকে সোনালু, জারুল, বকুল, পলাশসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের জন্য গাছগুলো রোপণ করা হয়েছিল।
চৌদ্দগ্রাম থানার এসআই আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, মহাসড়কের পাশে থাকা একটি সিমেন্ট কোম্পানির বিলবোর্ড দৃশ্যমান করতেই গাছগুলো কাটা হয়েছে।
২০২৫ সালের নভেম্বরে ‘আবর্জনার মতো লাগে’ বলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজকে লাগানো অর্ধশত বকুলগাছ কেটে ফেলেন এক ব্যক্তি।