১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

তিনি ফজরের নামাজ শেষে শখের বাজার এলাকায় রেললাইনের পাশে হাঁটাহাটি করতেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2026, 02:24 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

নীলফামারী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বুধবার সকালে উপজেলার শখের বাজার এলাকায় খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী। 

নিহত আতিকুল ইসলাম ওরফে ভোলা (৫৫) উপজেলার কিসামত চড়াইখোলা এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।

পরিবারের সদস্যদের বরাতে ওসি মাহমুদ উন নবী বলেন, আতিকুল ইসলাম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার চিকিৎসা চলছিল। তবে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন মসজিদে গিয়ে। ফজরের নামাজ শেষে শখের বাজার এলাকায় রেললাইনের পাশে হাঁটাহাটি করতেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় বুধবার ভোরেও মসজিদে ফজরের নামাজ আদায় করেন। পরে রেললাইন এলাকায় হাঁটাহাটি করার সময় রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।

ওসি বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।