Published : 20 Feb 2026, 01:36 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাছ বোঝাই নসিমনের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরেক শিশু।
শুক্রবার সকালে সলঙ্গা-তাড়াশ সড়কের রৌহাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সলঙ্গা থানার এসআই মাহমুদ কবির জানিয়েছেন।
নিহত ছয় বছর বয়সী তাবাসসুম উল্লাপাড়ার চৈত্রহাটি গ্রামের তফিস উদ্দিনের মেয়ে। তার লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
স্থানীয়রা বলছে, রৌহাদহ এলাকায় দুই শিশু দৌড়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় পেছন থেকে আসা মাছ বোঝাই একটি নসিমন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাবাসসুমের মৃত্যু হয়।
অরেক শিশুকে গুরুতর অবস্থায় উদ্ধারের পর প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসাপাতাল এবং পরে বগুড়ায় নেওয়া হয়।
এসআই মাহমুদ কবির বলেন, “মাছ বোঝাই নসিমনটি তাড়াশে যাচ্ছিল। দুর্ঘটনার পর নসিমনটি রাস্তার পাশের ক্ষেতে ফেলে চালক পালিয়ে যায়। তখন স্থানীয় লোকজন মাছগুলো নিয়ে যায়।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।