Published : 04 Sep 2026, 05:00 PM
অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে গণমাধ্যমের বেশি স্বাধীনতা রয়েছে বলে মন্তব্য করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেছেন, “সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে। সাংবাদিকরা স্বাধীনভাবে লিখবেন, বলবেন, মত প্রকাশ করবেন, এটাই আমাদের কাম্য। বাংলাদেশের সাংবাদিকরা বর্তমানে যে স্বাধীনতা ভোগ করছেন, অতীতে কখনোই এমন সুযোগ পাননি।”
শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ-৯ আসনের এই সংসদ সদস্য বলেন, “তবে এই বাক স্বাধীনতার নামে অপতত্ত্ব সংবাদ প্রকাশ করে কাউকে হেয় প্রতিপন্ন করবেন না। রাষ্ট্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে রাষ্ট্রদ্রোহিতা করা যাবে না।”
প্রতিমন্ত্রী বলেন, “অন্যান্য পেশার মতো সাংবাদিক পেশার কোনো অবসর ভাতা নেই, তা চালুর জন্য চেষ্টা করছি। এখন সাংবাদিকদের জন্য যে পরিমাণে অর্থ কল্যাণ ট্রাস্ট আছে এর তিনগুণ করার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। “সাংবাদিকদের সহযোগিতার জন্য তাদের আবেদনের ভিত্তিতে সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে সবাইকে সহজে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।”
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সাংবাদিকদের মধ্যে অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন, ঠিক আছে, তবে সাংবাদিকতা করার সময় এবং খবর পরিবেশনের ক্ষেত্রে যেন কোনো দলের পক্ষে না হয়ে, নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে।”
কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় মতবিনিময়ে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
এর আগে সকালে স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধনি পর্বে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।