Published : 13 Mar 2026, 01:55 PM
পাবনার চাটমোহর উপজেলায় চায়ের দোকানে বসে টেলিভিশন দেখার সময় মুখোশধারীদের গুলিতে দুই দিনমজুর গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি এলাকার লালনের মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে বলে চাটমোহর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানিয়েছেন।
গুলিবিদ্ধরা হলেন- মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে নাঈম হোসেন (৩৮) ও একই গ্রামের রমজান আলীর ছেলে সাজেদুল ইসলাম (৪০)। তারা দুজনই পেশায় দিনমজুর।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইফতারের পর লালনের মোড় এলাকায় রাজ্জাকের চায়ের দোকানে বসে টেলিভিশন দেখছিলেন নাঈম ও সাজেদুল। এ সময় হঠাৎ মুখোশধারী তিনজন অতর্কিতভাবে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। এতে সাজেদুল ইসলামের হাতে এবং নাঈম হোসেনের তলপেটে গুলি লাগে।
গুলিবিদ্ধ হয়ে তারা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. খন্দকার নাফিস সাদিক বলেন, “গুরুতর রক্তাক্ত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
চাটমোহর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ববিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটছে।
বর্তমানে ওই এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।”
বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বলে জানান তিনি।