১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টুঙ্গিপাড়ায় ডাব পাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে আট জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 10:13 AM

Updated : 26 Aug 2026, 02:25 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। 

উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের নলবাগান এলাকায় সোমবার বিকালে এ সংঘর্ষ হয় বলে টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান। 

আহতদের মধ্যে আট জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বাকিরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গ্রাম্য চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি জাহিদুল ইসলাম বলেন, “সোমবার বিকালে গওহরডাঙ্গা গ্রামের একটি গাছ থেকে ডাব পাড়তে যায় শ্রীরামকান্দি গ্রামের মশিউর উস্তার ছেলে ২০ বছর বয়সী রোহান উস্তা ও গওহরডাঙ্গা গ্রামের আকবর আলী খানের ছেলে ১৮ বছর বয়সী সুমন খান। তখন গাছ থেকে কে ডাব পাড়বে তাই নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। 

“এ খবর পৌঁছালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে শ্রীরামকান্দি ও গওহরডাঙ্গা গ্রামের অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ধাওয়া করলে উভয় পক্ষের লোকজন পালিয়ে যায়।”

এ পুলিশ কর্মকর্তা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।