০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়ে বিএসএফের হাতে আটক রয়েছে বলে জানায় বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 12:46 AM

Updated : 17 Sep 2026, 02:59 AM

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ বিজিবি কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার রাত সাড়ে ৮টায় উপজেলার রামনা-চান্দোহর সীমান্তের শূন্যরেখায় তিন দফা পতাকা বৈঠক শেষে মরদেহটি হস্তান্তর করা হয় বলে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন জানান। 

নিহত আসাদুল হক (২৮) পীরগঞ্জ উপজেলার ইন্দ্রইল গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।

বিজিবি জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার বৈরচুনা সীমান্তের চান্দেরহাট বিজিবি ক্যাম্পের ৩৩৩/২-এস পিলার এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি ভারতের প্রায় তিন কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেন। তখন চকশিবানন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেন।

এতে আসাদুল হক গুলিবিদ্ধ হলে তাকে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় মোস্তাকিন (৩৪) ও উদয় চন্দ্র রায় (৩৫) নামের দুই বাংলাদেশি আহত হয়ে বিএসএফের হাতে আটক রয়েছে বলে জানায় বিজিবি। 

মরদেহ হস্তান্তরের সময় বিজিবি-বিএসএফ কর্মকর্তা এবং পীরগঞ্জ ও ভারতের রায়গঞ্জ থানা পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম।

আরও পড়ুন:

ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু