Published : 28 Aug 2025, 10:45 PM
রাজশাহীর পবা উপজেলায় এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ছোট ভালাম এলাকায় আফি খাতুন (৫৫) নামে ওই নারী খুন হন। তিনি অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন।
পবা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে স্থানীয় ব্যক্তি ও পুলিশ বলছে, আফি খাতুনের বড় ভাইয়ের ছেলে মো. রকি (২২) এর হত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।
তারা বলেন, ’মাদকাসক্ত’ রকি তার ফুফু আফি খাতুনের কাছে টাকা চেয়েছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে রকি ছুরি দিয়ে তার গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আফি খাতুন মারা যান। ঘটনার পর স্থানীয়রা রকিকে ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করলেও তিনি পালিয়ে যান।
ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।