১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সামনে সাংবাদিক ‘হেনস্তা’, সিলেটে বিএনপির অনুষ্ঠান বয়কটের ঘোষণা

অভিযোগের বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, “মিস ইনফরমেশন থেকে হতে পারে।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 10:38 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্য নিতে গিয়ে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার জুমার নামাজের পর দরগাহ এলাকায় এ ঘটনার প্রতিবাদে বিএনপির সব অনুষ্ঠান ও কর্মসূচির বয়কটের ঘোষণা দিয়েছেন সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকরা।

সাংবাদিকদের ভাষ্য, পূর্বঘোষণা অনুযায়ী মাজার জিয়ারত শেষে প্রতিমন্ত্রীর গণমাধ্যমের সঙ্গে কথা বলার কথা ছিল। সাধারণ মানুষের চলাচলে সমস্যা এড়াতে তারা মাজারের মূল ফটকের সামনে অবস্থান নেন।

প্রতিমন্ত্রী বের হওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ভিড় ও ধাক্কাধাক্কিতে সংবাদ সংগ্রহের পরিবেশ নষ্ট হলে সাংবাদিকরা বাইরে চলে আসেন।

তাদের অভিযোগ, সেখানে কয়েকজন নেতাকর্মী ক্যামেরায় নিজেদের দেখানোর জন্য সাংবাদিকদের নির্দেশ দেন। এ সময় স্লোগান দিয়ে কয়েকজন সাংবাদিকদের দিকে এগিয়ে আসেন। এক পর্যায়ে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। 

এ সময় কয়েকজন মারমুখী আচরণ এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ করেছেন সাংবাদিকরা।

স্টার নিউজের সিলেট ব্যুরো চিফ ইয়াহ্ইয়া মারুফ বলেন, “নেতাকর্মীদের ভিড়ের কারণে মাজারের ভেতরে প্রতিমন্ত্রীর বক্তব্য নিতে না পেরে বাইরে চলে আসি। তখন কয়েকজন বিএনপির নেতাকর্মী আমাদের ওপর চড়াও হন। টেলিভিশন সাংবাদিকদের সঙ্গেও খারাপ আচরণ করা হয়। প্রতিবাদ জানিয়ে আমরা সংবাদ সংগ্রহ থেকে বিরত থাকি।”

যমুনা টেলিভিশনের নাবিল হোসাইন বলেন, “মাজারের বাইরে কয়েকজন যুবক গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন। প্রতিমন্ত্রীর বক্তব্য না নিয়ে চলে যাওয়া যাবে না- এমন কথাও তারা বলেন।”

সাংবাদিকদের গায়ে হাত তোলা ও স্লোগান দেওয়ার ঘটনার প্রতিবাদে বিএনপির অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন চ্যানেল ওয়ানের এম এ কাইয়ুম।

অভিযোগের বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, “আসলে আমরা বুঝতেছি না, কী নিয়ে ঘটনাটি ঘটেছে। মিস ইনফরমেশন থেকে হতে পারে। বিষয়টি আমরা দেখতেছি, এটা নিয়ে আমরা বসব।”

মাজার জিয়ারতের সময় মিফতাহ সিদ্দিকী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।