কাপ্তাই লেকে বিদ্যুৎ উৎপাদন বেড়ে ২০০ মেগাওয়াট ছাড়িয়েছে
লেকে পানির উচ্চতা ১০০ ফুটের বেশি হওয়ায় বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের উৎপাদন বেড়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
টানা এক সপ্তাহের বৃষ্টিতে রাঙামাটির কাপ্তাই লেকে পানি বেড়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা জানিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।
বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য মতে, কাপ্তাই লেকে বর্তমানে ১০০ দশমিক ৬০ ফুট পানি রয়েছে। তবে স্বাভাবিক সময়ে লেকে ৯৫ দশমিক ৯২ ফুট পানি থাকে। এখানে পানির সর্বোচ্চ ধারণা ক্ষমতা ১০৯ ফুট। তবে লেকে ১০৫ থেকে ১০৭ ফুট পানি হলে বিপৎসীমা হিসেবে ধরা হয়।
লেকে পানি বাড়ায় বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান।
তিনি বলেন, লেকে এখন ১০০ ফুটের বেশি পানি রয়েছে। লেকের পানি বৃদ্ধি পেলে বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনও বাড়বে।
