১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুই সন্তানসহ ‘বিষপান’: দুজনের মৃত্যু, হাসপাতালে বাবা

“প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে তারা কীটনাশক পান করেছেন৷ বিষক্রিয়ায় দুই মেয়ের মৃত্যু হয়েছে।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2025, 01:09 PM

Updated : 26 Aug 2026, 01:10 PM

কুমিল্লার তিতাস উপজেলায় দুই সন্তানসহ বিষ পান করে এক ব্যক্তি আত্মহননের চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় দুই সন্তানের মৃত্যু হয়েছে। আর গুরুতর অবস্থায় ওই ব্যক্তিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

সোমবার সকালে তিতাস উপজেলার তুলাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে তিতাস থানার ওসি মো. শহিদ উল্লাহ জানান। 

মৃতরা হল- ওই এলাকার মনু মিয়ার দশ বছরের মেয়ে মনিরা ও ছয় বছরের মেয়ে ফাতিহা।

মনু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসার দেওয়ার পর স্থানীয় আরেকটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন ও প্রতিবেশীদের বরাতে ওসি শহিদ উল্লাহ বলেন, “মনু মিয়ার পরিবারে কোনো কলহ ছিল না। তবে শারীরিক অসুস্থতার কারণে মনু দীর্ঘদিন বেকার ছিলেন। তাছাড়া মনু ও তার দুই মেয়ে তিনজনই বাক প্রতিবন্ধী। 

“শারীরিক অবস্থা ও সংসারে দারিদ্রতা নিয়ে মনুর ভেতরে হতাশা কাজ করছিল। এর জেরেই তিনি নিজে বিষপান করেন এবং মেয়ে দুটিকেও বিষ পান করান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” 

এ ঘটনায় মনু মিয়ার দুই মেয়ে মারা গেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।   

মৃত শিশুদের মা হাসিনা আক্তার বলেন, “ঘটনার সময় বাবা আর দুই মেয়ে এক সঙ্গেই বসে ছিল। আমি রান্না ঘরে খাবার বানাচ্ছিলাম। এক পর্যায়ে ঘরে গিয়ে দেখি তারা তিনজন পড়ে আছে আর তাদের মুখ থেকে কীটনাশকের গন্ধ বেরোচ্ছে। আমি আর কিছু জানি না।”  

তিতাস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সরফরাজ হোসেন খান বলেন, “সকাল ৮টায় মনু মিয়া এবং তার দুই মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই মনিরা ও ফাতিহার মৃত্যু হয়েছিল। আমরা পুলিশের কাছে তাদের লাশ হস্তান্তর করে দিয়েছি।”

তিনি বলেন, “প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে তারা কীটনাশক পান করেছেন৷ বিষক্রিয়ায় দুই মেয়ের মৃত্যু হয়েছে। তারপরও আমরা মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশকে ময়নাতদন্তের পরামর্শ দিয়েছি।”