Published : 01 Sep 2025, 07:36 PM
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস চাপায় এক নারী নিহত হয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে ও দুর্ঘটনাস্থলে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে প্রায় তিন ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।
সোমবার বেলা ৩দিকে উপজেলার পান্তাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানিয়েছেন।
নিহত ৩৫ বছর বয়সী মরিয়ম বেগম পান্তাপাড়া এলাকার আব্দুল হামিদের মেয়ে।
ওসি মোজাফফর হোসেন বলেন, “পান্তাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে সড়ক পারাপারের সময় ঢাকা থেকে রংপুরগামী একটি বাস চাপায় মরিয়ম বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
“পরে বাসটি গোবিন্দগঞ্জ শহরের চৌমাথায় যানজটে আটকা পড়লে বাসের চালক শফিকুল ইসলামকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর এবং বাসটি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।”
এলাকাবাসী পান্তাপাড়া এলাকায় অবস্থান নিয়ে প্রায় তিন ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন গিয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেন। পরে সন্ধ্যা ৬টার দিকে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।
পান্তাপাড়া এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, “এ এলাকায় প্রতিদিন শত শত শিক্ষার্থী ও পথচারিকে মহাসড়ক পার হতে হয়। তখন প্রায়ই দুর্ঘটনা ঘটে।
“দ্রুত এ স্থানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে পথচারিরা নিরাপদে পার হতে পারবেন এবং দুর্ঘটনা রোধ হবে।”
ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, দুর্ঘটনাস্থলে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ করতে সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।