১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জানাজায় অংশ নিতে বের হয়ে বাস চাপায় প্রাণ হারালেন বৃদ্ধ

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2026, 03:01 PM

Updated : 26 Aug 2026, 03:42 PM

জামালপুরে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে মহাসড়ক পার হবার সময় বাস চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জামালপুর থানার ওসি মিজানুর রহমান।

নিহত সোহরাব হোসেন (৬৮) উপজেলার বিনন্দেরপাড়া এলাকার মৃত তৈয়জ উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি মিজানুর রহমান বলেন, সকালে বিনন্দেরপাড়া ঈদগাহে মাঠে এক ব্যক্তির জানাজায় অংশ নিতে বাড়ি থেকে বের হন সোহরাব হোসেন। যাওয়ার সময় তিনি জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। 

এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। 

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি।