বগুড়ায় একই লাইনে দুই ট্রেন মুখোমুখি, আতঙ্কে লাফিয়ে আহত ৪
লাইন ক্লিয়ারের সিগন্যাল ছাড়াই ‘কলেজ ট্রেন’ স্টেশনে প্রবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে একই লাইনে দুটি ট্রেন চলে আসায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে লাফ দেন কয়েকজন। এতে অন্তত চারজন যাত্রী আহত হন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সুখানপুকুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে বলে স্টেশন মাস্টার আব্দুল মতিন জানিয়েছেন।
তবে চালক ও রেলওয়ে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে শেষ পর্যন্ত বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজ ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় বিপরীত দিক থেকে পদ্মরাগ ট্রেন একই লাইনে চলে আসে। দুটি ট্রেনকে মুখোমুখি অবস্থানে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়লে অন্তত চারজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সুখানপুকুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন বলছেন, “কলেজ ট্রেনকে সিগন্যাল ও লাইন ক্লিয়ার দেওয়ার আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।”
তিনি বলেন, “ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
