০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বরিশাল মেডিকেলে রাসায়নিকের কক্ষে আগুন

“ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে,” বলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল আল আমিন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2026, 01:09 AM

Updated : 19 Sep 2026, 02:25 PM

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রাসায়নিক রাখার একটি কক্ষে আগুন লাগার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। 

আগুনে সেখানে থাকা কিডনি ডায়ালাইসিসের বিপুল রাসায়নিক পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার  রাতে সাড়ে ১০টার দিকে হাসপাতালের মূল ভবনের নিচতলায় আগুন লাগে বলে জানান বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন।

আগুন লাগার খবর জানাজানি হওয়ার পর অনেক রোগী ও তাদের স্বজনরা হাসপাতাল থেকে নিচে নেমে আসেন।

হাসপাতালের এক কর্মী বলেন, রাতে হঠাৎ নিচ তলায় ‘মেডিসিন স্টোরের’ মধ্যে থেকে ধোয়া বের হতে দেখে সবাই আগুন আগুন বলে চিৎকার শুরু করেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল আল আমিন বলেন, “আমরা রাত ১০টা ৫৩ মিনিটে আগুনের খবর পেয়ে হাসপাতালে ছুটে যাই। সেখানে একটি কক্ষ থেকে মধ্যে প্রচুর ধোয়া বের হচ্ছিল। পরে দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে সব মিলিয়ে এক ঘণ্টার মতো সময় লেগেছে।”

তিনি বলেন, “ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কারণ, কক্ষের ভেতরে ওপরের একটি লাইট ভেঙে নিচে পড়া অবস্থায় পেয়েছি। 

“আগুন এবং ধোয়া নিয়ন্ত্রণে আনতে গিয়ে কক্ষে থাকা রাসায়নিক লেগে আমাদের চার কর্মীর হাতে ফোসকা পড়ে গেছে।”

হাসপাতালের সহকারী পরিচালক আবদুল মুনায়েম সাদ বলেন, “যে কক্ষে আগুন লেগেছে, সেটা ওষুধের স্টোর ছিল না। ওটাতে কিডনি ডায়ালাইসিসের রাসায়নিক ছিল। 

“আগুনে ‘হাইড্রোজেন পার অক্সাইড’ যা ছিল, পুড়ে গেছে। তবে সেখানে কী পরিমাণ রাসায়নিক ছিল, সেটা বুধবার বলা যাবে।”