Published : 12 Aug 2026, 11:42 PM
নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার ১০৫তম শুনানিতেও তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্তকারী সংস্থা র্যাব।
বুধবার নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির ১০৫তম শুনানি অনুষ্ঠিত হয়।
এদিনও র্যাব-১১ এর তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার প্রতিবেদন দাখিল করেনি, এমনকি নতুন করে সময়ের আবেদনও করেননি বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
শুনানি শেষে বিচারক নুরুল হুদা চৌধুরী আগামী ১৫ সেপ্টেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
এর আগে, চলতি বছরের ৮ জানুয়ারি ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দিয়েছিলেন আদালত। যদিও পরে তদন্তকারী কর্মকর্তা আবেদন করে এই সময় ৩ দফায় বাড়িয়ে নেয়। ১ জুলাই তৃতীয় দফায় সময় চাইলে আদালত ১২ আগস্ট পরবর্তী তারিখ দেন।
আদালত জানায়, এদিন এই হত্যা মামলার সাত আসামি- জামশেদ শেখ, ইউসুফ হোসেন লিটন, কাজল হাওলাদার, শাফায়েত হোসেন শিপন, ইয়ার মোহাম্মদ পারভেজ ও রিফাত বিন ওসমান আদালতে হাজিরা দিয়েছেন। তাদের মধ্যে জামশেদ শেখ গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
অন্যদিকে, এ মামলায় পলাতক আসামি সুলতান শওকত ভ্রমর, সালেহ রহমান সীমান্ত ও আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি রয়েছে বলেও জানান বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ।
তিনি বলেন, “জামিনে থাকা আরেক আসামি তায়েবউদ্দিন জ্যাকি অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির হননি। তিনি দীর্ঘদিন ধরেই আদালতে হাজিরা দিচ্ছেন না এবং প্রতিবারই সময় চেয়ে নেন। বিষয়টি আদালতের নজরে আনা হলে তার পক্ষের আইনজীবীর আবেদন শেষবারের মঞ্জুর করেছেন আদালত। পরেরবার হাজির না হলে তারও জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।”
২০১৩ সালের ৬ মার্চ অপহরণের দুদিন পর ত্বকীর মরদেহ উদ্ধার হয়েছিল শীতলক্ষ্যা নদীর শাখা খাল থেকে।