১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামালপুর সীমান্তে উত্তেজনা, দুই দেশের নাগরিকদের মধ্যে ইট-পাটকেল

বুধবার বিকালে উপজেলার রামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছে এ ঘটনা ঘটে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2026, 11:29 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সীমান্তে এক বৃদ্ধকে বিএসএফের ঠেলে দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। একপর্যায়ে দুই দেশের নাগরিকদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।  

বুধবার বিকালে উপজেলার রামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, সকালের দিকে এক বৃদ্ধকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে ওই ব্যক্তিকে শূন্যরেখায় ফেলে রেখে যায় বিএসএফ। 

পরে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এ নিয়ে দিনভর উত্তেজনার মধ্যে বিকাল ৫টার দিকে কাঁটাতারের দুই প্রান্তে দুই দেশের নাগরিকরা একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।  

স্থানীয় বাসিন্দা আসিফ মিয়া বলেন, “আমাদের দেখে ভারতীয়রা ঢিল ছুড়লে আমরাও পাল্টা ঢিল ছুড়ি। তারা আমাদের ধাওয়া দেওয়ার চেষ্টা করলে আমরা তাদের ধাওয়া দেই। পরে তারা পালিয়ে যায়।”

ইব্রাহিম নামে এক কলেজ শিক্ষার্থী বলেন, “ওরা চেন্নাইয়ের লোক আমাদের দেশে পাঠানোর চেষ্টা করছে। এটা কোনোভাবেই হতে দেব না। আমরা বিজিবির সঙ্গেই আছি।”

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “দেশের প্রত্যেকটি নাগরিককে সীমান্তের শূন্যরেখা অতিক্রম না করার জন্য অনুরোধ করছি। দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের বিজিবিকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি।”