১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে চাকা ফেটে খালে বাস, ১ যাত্রীর মৃত্যু

হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2026, 01:13 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একজনের প্রাণ গেছে। এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। 

ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানিয়েছেন। 

নিহত ব্যক্তির সাম দেলোয়ার হোসেন; বয়স ৫০ বছর।  

আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

স্থানীয়রা বলছেন, সেলফি পরিবহনের একটি বাস সকালে পাটুরিয়া থেকে যাত্রী নিয়ে ঢাকায় রওনা দেয়। পথে আরেকটি বাসকে পাশ কাটানোর সময় সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি সড়কের দুই সেতুর মাঝখানের একটি খালে পড়ে যায়।

ওসি হারুন অর রশিদ বলছেন, “দুর্ঘটনায় ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। হাসপাতালে নেওয়ার পর তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।”

দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।