নাটোর মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১
বিপরীতমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল চালকের প্রাণ গেছে।
উপজেলার কয়েনবাজার এলাকায় পাবনা-নাটোর সড়কে সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে বনপাড়া হাইওয়ে থানার এসআই ফিরোজ হোসেন জানান।
নিহত মিজানুর রহমান (৩৮) জেলার সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের হিজলী গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তিনি গ্রিন ল্যাবরেটরি ইউনানী নামের একটি ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার ছিলেন।
স্থানীয়দের বরাতে এসআই বলেন, মিজানুর মোটরসাইকেল চালিয়ে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় প্রাইভেটকারটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায় বলে জানান তিনি।
