Published : 16 Jun 2023, 09:39 PM
আন্তর্জাতিক কোনো প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশ চলবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি বলেছেন, “বাংলাদেশের নির্বাচন পদ্ধতি রয়েছে, আর আমাদের ভাগ্য আমরাই নির্ধারণ করব। আমরা কোনো বিদেশি শক্তির কাছে মাথা নোয়াব না।”
শুক্রবার বিকালে কুমিল্লার লাকসাম পৌরসভার বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়ামে ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী নানা তথ্য ও প্রচারণার বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতে যতদিন বাংলাদেশ থাকবে, কোনো ষড়যন্ত্রই আমাদের অগ্রযাত্রাকে বিঘ্নিত করতে পারবে না।”
এক সময় খাদ্য ঘাটতির কথা উল্লেখ করে তিনি বলেন, “১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় আসার পর পুনরায় খাদ্য ঘাটতির দেশে পরিণত হয় বাংলাদেশ। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জাতিতে রূপান্তর করেন।”
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দাবি করে তিনি বলেন, “লাকসাম উপজেলাকে ব্যবসাবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সব প্রতিবন্ধকতা দূর করা হয়েছে। এখন লাকসাম উপজেলায় কোথাও কোনো প্রকার চাঁদাবাজি হয় না। তাই ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা করতে হবে। জনগণের ভোগান্তি হয়, এমন পথ পরিহার করতে হবে।”
লাকসাম মনোহরগঞ্জের গর্বিত সন্তান হিসেবে নিজেকে উল্লেখ করে মন্ত্রী বলেন, “এ আসনের জনপ্রতিনিধি হিসেবে বিগত পাঁচ বছরে এক হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। যাতে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা-দীক্ষাসহ মানুষের সামগ্রিক জীবনমান উন্নত হয়।”
এ সময় মন্ত্রী লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলাকে দুমাসের মধ্যে মাদকমুক্ত করার উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, “এতে ওয়ার্ডের মেম্বার থেকে ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রসহ সব পর্যায়ের জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে মাদক নির্মূলে সবাইকে একযোগে কাজ করতে হবে। সমাজের সবাইকে নিয়ে সুন্দর পরিবেশে বসবাস নিশ্চিত করতে হলে মাদকমুক্ত সমাজের কোনো বিকল্প নেই।”
বর্তমান সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অতীতে যে রকম আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এমডিজি লক্ষ্যমাত্রা অর্জন করেছি। একইভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের পথেও আমাদের এখন পর্যন্ত অগ্রগতির সন্তোষজনক। যদিও করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমাদের অগ্রগতিকে কিছুটা বাধাগ্রস্ত করেছে।”
শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, “শেখ হাসিনা আমাদের জন্য ডেলটা প্ল্যান নির্ধারণ করে দিয়েছেন। শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।”
লাকসাম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ভূইঁয়া, মনোহরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন, লাকসাম পৌরসভার মেয়র মো. আবুল খায়ের, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহব্বত আলী, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়কারী মো. কামাল হোসেন।