১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাজ করছিল না ব্রেক, ২০০ মিটার দূরে গিয়ে থামল ট্রেন

ফলে বৃষ্টিতে ভিজে ঠেলাঠেলি করে ট্রেনে ওঠা-নামা করতে হয়েছে যাত্রীদের।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2023, 07:08 PM

Updated : 11 Aug 2023, 09:34 PM

‘ব্রেক ফেইল’ করায় স্টেশনের প্ল্যাটফর্ম অতিক্রম করে প্রায় ২০০ মিটার দূরে গিয়ে থামে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেন-যাত্রীরা রক্ষা পায়।

শুক্রবার দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে বলে নরসিংদী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ইমন খান জানান।

৫ কিলোমিটার আগে থেকেই ট্রেনটি নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না বলে জানান চালক আব্দুর রব।

ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি দুপুর ১২টা ১০ মিনিটে নরসিংদীতে পৌঁছায় নির্ধারিত সময়।

স্টেশনে থাকা অপেক্ষমান যাত্রীরা জানান, মাইকে বলা হচ্ছিল, প্ল্যাটফর্মে এসে ট্রেনটি থামবে। কিন্তু ট্রেনটি স্টেশনে না থেমে প্ল্যাটফর্ম অতিক্রম করতে থাকায় যাত্রীরা প্রথমে বিষয়টি বুঝতে পারছিলেন না।

পরে প্রায় দুই শত মিটার দূরে গিয়ে থামলে বৃষ্টির মধ্যে যাত্রীরা দৌড়ে ট্রেনে ওঠা-নামা করেন। ট্রেনটি কিছুক্ষণ সেখানে দাঁড় করিয়ে পিছিয়ে প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়।

ট্রেনের চালক আব্দুর রব বলেন, “এই স্টেশনের পাঁচ কিলোমিটার দূরে পলাশ উপজেলার জিনারদি থেকে ট্রেনটি নিয়ন্ত্রণ করা ও নরসিংদী স্টেশনে যাত্রাবিরতির চেষ্টা করছিলাম। কিন্তু ইঞ্জিনের ব্রেকে ক্রটি হওয়ায় স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন থামানো সম্ভব হয়নি। ট্রেনটি প্ল্যাটফর্মে না থেমে আউটারের কিছুটা সামনে চলে যায়। পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার উল্টো পথে প্ল্যাটফর্মে ট্রেন নিয়ে আসা হয়।”

স্টেশনটির সহকারী মাস্টার ইমন খান বলেন, “স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি থামার কথা। কিন্তু ব্রেক ফেইল হওয়ায় দূরে চলে যাওয়ায় যাত্রীসেবায় সাময়িক বিঘ্ন ঘটে। পরে ট্রেনটি পিছিয়ে স্টেশনে এনে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে দুপুর ১টায় ছেড়ে যায়।”