Published : 21 Jun 2025, 05:18 PM
সুষ্ঠু ও সুন্দর একটা নির্বাচন দিয়ে জনগণের পছন্দের নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের পরিস্থিতি সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেন, “নির্বাচন কমিশন এবং সংস্কারের জন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনের যে নির্ধারিত তারিখ ঘোষিত হয়েছে, তার মধ্যে যদি সম্ভব হয় অবশ্যই নির্বাচন হবে।”
শনিবার সকালে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত ‘বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক আঞ্চলিক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ফরিদা আখতার।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, “বাংলাদেশে আমিষের প্রধান উৎস মাছ, এই খাতে নিরাপদ ও টেকসই উৎপাদনের জন্য গবেষণার গুরুত্ব অপরিসীম। এই সম্পদ রক্ষায় গবেষণালব্ধ প্রযুক্তি সহজবোধ্য ও মাঠপর্যায়ে সম্প্রসারযোগ্য হওয়া দরকার।
“মৎস্য গবেষণা ইনস্টিটিউট, মৎস্য অধিদপ্তর এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
নিরাপদ মাছ উৎপাদনে ফিডের নিরাপত্তা ও হাওর অঞ্চলে ব্যবহৃত কীটনাশকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে ফরিদা আখতার বলেন, কীটনাশক নিয়ন্ত্রণে জাতীয় থেকে স্থানীয় পর্যায়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে জলজ প্রাণীর নিরাপত্তা নিশ্চিত হবে।
তিনি বলেন, মাছের সংকট মোকাবেলায় আইইউসিএনের শ্রেণিকরণ অনুযায়ী বিলুপ্তপ্রায় ও বিপন্ন মাছ শনাক্ত করে সংরক্ষণের লক্ষে মৎস্য গবেষণা ইনস্টিটিউট কার্যকর ভূমিকা রাখতে পারে।
সেইসঙ্গে এ খাতে বিজ্ঞানীদের গবেষণায় সরকার সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করবে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।
বিএফআরআইয়ের মহাপরিচালক অনুরাধা ভদ্রের সভাপতিত্বে কর্মশালায় বাকৃবির মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন রফিকুল ইসলাম সরদার এবং মৎস্য অধিদপ্তর ময়মনসিংহের বিভাগীয় পরিচালক নৃপেন্দ্র নাধ বিশ্বাস বক্তব্য দেন।
কর্মশালায় বিএফআরআইয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হারুন উর রশিদ স্বাদুপানির মাছ নিয়ে চলমান ও ভবিষ্যৎ গবেষণার পরিকল্পনা উপস্থাপন করেন। এতে বিভিন্ন জেলার বিজ্ঞানী, মৎস্য কর্মকর্তাসহ খামারিরা অংশগ্রহণ করেন।