মেয়েকে ধর্ষণের মামলায় বৃদ্ধ কারাগারে
ছোট বোনকে যৌন নিপীড়নের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা করেছেন বড় বোন।
গাজীপুরের টঙ্গীতে কিশোরী মেয়েকে ধর্ষণের মামলায় বাবাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রোববার দুপুরে বনমালা রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পূর্ব থানার ওসি মাকসুদুল আলম জানান।
গ্রেপ্তার ৭০ বছর বয়সি বৃদ্ধের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়। তার স্ত্রী মারা গেছেন। তিনি দুই মেয়েকে নিয়ে টঙ্গীতে ভাড়া বাসায় বসবাস করেন। পেশায় তিনি একজন ভিক্ষুক।
মামলার বরাতে পুলিশ জানায়, শনিবার সকালে বৃদ্ধের মেজো মেয়ে কাজের উদ্দেশে বাইরে যান। ছোট মেয়ে বাসায় ছিল। তখন বৃদ্ধ তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।
বিকালে বাসায় ফিরে মেজো মেয়ে সেটি জানতে পারেন। পরে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মাকসুদুল আলম বলেন, ছোট বোনকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মেজো মেয়ে মামলা করেছে। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।
