Published : 28 Jan 2026, 06:58 PM
দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এ দিন বেলা সাড়ে ১২টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের সমন্বয়ে এই জনসভা অনুষ্ঠিত হবে।
বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত জানান, বৃহস্পতিবার বেলা ১২টায় রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান।
বিমানবন্দর থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে তার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে পৌঁছানোর কথা। তারেক রহমানের জন্য পথে পথে অপেক্ষায় থাকবেন হাজারও নেতাকর্মী।
তারেক রহমানের সফর ঘিরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা জনসভা সফল করতে ইতোমধ্যে মাঠে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। বুধবার বিকালে রাজশাহীর বাটার মোড় থেকে একটি প্রচার মিছির বের করা হয়।
রাজশাহীর রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু।
বুধবার বিকালে মাঠে প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “রাজশাহীর এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে সর্বশেষ ২০১৩ সালে সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রেখেছিলেন বিএনপির সাবেক চেয়ারম্যান প্রয়াত বেগম খালেদা জিয়া।

“১৭ বছর পর সেই মাঠে ভাষণ দিনে তার ছেলে তারেক রহমান। রাজশাহীতে এটি তার দ্বিতীয় সফর। এর আগে ২০০৪ সালে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সম্মেলনে যোগ দিতে রাজশাহী এসেছিলেন তারেক রহমান।”
রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ-এই তিন জেলার সমন্বয়ে আয়োজিত নির্বাচনি জনসভার মঞ্চ থেকেই তিন জেলার বিএনপির ১৩ জন প্রার্থীকে দলীয় প্রধান আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন বলে মিজানুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, “দেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। তার এই সফর দলের নেতাকর্মীসহ এ অঞ্চলে মানুষকে আরও উজ্জীবিত করবে। যার ফলে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবেন।’’
এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, “রাজশাহীর জনসভা শেষ করে তারেক রহমান নওগাঁ যাবেন। নওগাঁর এটিএম মাঠে জনসভায় যোগ দেবেন। নওগাঁ থেকে তিনি যাবেন বগুড়া।
“রাতে বগুড়ার আলতাফুন্নেসা মাঠে আরও একটি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নওগাঁর জনসভায় জয়পুরহাটের নেতাকর্মীরা অংশ নেবেন। বগুড়ায় যাবেন পাবনা ও সিরাজগঞ্জের নেতাকর্মীরা।”

তারেক রহমানের সফর কেন্দ্র করে রাজশাহীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার দুপুরে ডগ-স্কোয়াড ও মেটাল ডিটেকটর মেশন নিয়ে মঞ্চসহ জনসভা স্থল ক্যান করে র্যাবের একটি টিম।
এ ছাড়াও নগরীজুড়ে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। জনসভাস্থনে মোতায়েন করা হয়েছে পুলিশ।
রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী-৩ আসন থেকে মনোনয়ন বঞ্চিত নেতা রায়হানুল হক রায়হান বলেন, “মনোনয়ন বঞ্চিত নেতা ও তাদের কিছু সমর্থকদের মধ্যে এখনো ক্ষোভ-হতাশা রয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এই সফরে তাদের সেই ক্ষোভ হতাশা কেটে যাবে। পার্টির চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনি মাঠে নামবেন।’’