০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এসএসসি: পিরোজপুরে এক স্কুল, ১২ মাদ্রাসায় কেউ পাস করেনি

ফলাফল বিপর্যয়ের কারণ জানতে প্রতিষ্ঠানগুলোর প্রধানকে লিখিতভাবে জানানো হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 06:38 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

পিরোজপুরে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৩টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

সোমবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী।

ফলাফলে দেখা যায়, পিরোজপুর সদর উপজেলার পোরগোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে আটজন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। এ ছাড়া জেলার ১২টি মাদ্রাসা থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীও পাস করতে পারেনি।

ভান্ডারিয়া উপজেলার পাঁচটি মাদ্রাসা থেকে মোট ৪৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এগুলো হলো- চাখালী দাখিল মাদ্রাসা থেকে আটজন, জামিয়া-ই-উল কুরআন ঈদগাহ দাখিল মাদ্রাসা থেকে আটজন, পশারিবুনিয়া নূর মোহাম্মদ টেকনিক্যাল দাখিল মাদ্রাসা থেকে ১৭ জন, রাজপাশা বালিকা দাখিল মাদ্রাসা থেকে তিনজন এবং দারুল মুহাম্মদ আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা থেকে ১২ জন। তবে এসব প্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি।

মঠবাড়িয়া উপজেলার তিনটি মাদ্রাসা থেকে ২২ জন পরীক্ষার্থী অংশ নেয়। মধ্য শৌলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে সাতজন, আলগী পাতাকাটা দাখিল মাদ্রাসা থেকে তিনজন এবং দারুল মুহাম্মদ আইডিয়াল দাখিল মাদ্রাসা থেকে ১২ জন পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করেনি।

এ ছাড়া পিরোজপুর সদর উপজেলার ভোরা দাখিল মাদ্রাসা থেকে ১৩ জন এবং জহুরা একরাম মহিলা দাখিল মাদ্রাসা থেকে দুজন, নাজিরপুর উপজেলার রঘুনাথপুর দারুল মিল্লাত দাখিল মাদ্রাসা থেকে তিনজন এবং নেছারাবাদ উপজেলার পূর্ব আকলম দাখিল মাদ্রাসা থেকে পাঁচজন পরীক্ষায় অংশ নেয়। তাদের কেউই পাস করতে পারেনি।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী বলেন, ফলাফল বিপর্যয়ের কারণ জানতে প্রতিষ্ঠানগুলোর প্রধানকে লিখিতভাবে জানানো হয়েছে। তাদের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।