১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝালকাঠিতে জামায়াতের নির্বাচনি অফিস পুড়ল, নাশকতার অভিযোগ

“ভোটের আগ মুহূর্তে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।”

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 12:16 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

ঝালকাঠির রাজাপুর উপজেলায় জামায়াতে ইসলামীর একটি কার্যালয় আগুনে পুড়ে গেছে। দলটির স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, ‘পরিকল্পিতভাবে’ এ ঘটনা ঘটানো হয়েছে। 

মঙ্গলবার ভোররাতে সাতুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমতলা বাজারে এ ঘটনা ঘটে বলে রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভোরের দিকে হঠাৎ করে জামায়াতের ইসলামীর নির্বাচনি অফিসে আগুন লাগে। এতে অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

সকালে রাজাপুর উপজেলা জামায়াতের ইসলামীর আমির কবির হোসেন সংবাদ সম্মেলন ডেকে বলেন, নির্বাচনকে ঘিরে ‘প্রতিহিংসার জেরে পরিকল্পিতভাবে’ এ ঘটনা ঘটানো হয়েছে বলে তারা সন্দেহ করছেন। 

এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান তিনি। 

ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ফয়জুল হকের অভিযোগ, “ভোটের আগ মুহূর্তে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।” 

নাশকতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি নজরুল ইসলাম বলেন, “ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বাকিটা তদন্তের পর বলা যাবে।”