১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১১ মাস পর উৎপাদনে ফিরল আশুগঞ্জ সার কারখানা

গ্যাস সংকটের কারণে গত বছরের ২১ ফেব্রুয়ারি উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল কারখানা কর্তৃপক্ষ।

১১ মাস পর উৎপাদনে ফিরল আশুগঞ্জ সার কারখানা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2025, 06:40 PM

Updated : 26 Aug 2026, 11:39 AM

১১ মাসের বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আবার ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে কারখানায় উৎপাদন শুরু হয় বলে জানান আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ।

তবে গ্যাসের চাপ কম থাকার কারণে উৎপাদন কিছুটা ধীরগতিতে চলছে। মূলত পুরোদমে সার উৎপাদনের জন্য ৪০ থেকে ৪২ বার চাপ প্রয়োজন হয়; যা বর্তমানে পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৩৪ বার।

সার কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আশুগঞ্জ সার কারখানায় প্রতিদিন প্রায় এক হাজার ১০০ টন ইউরিয়া সার উৎপাদন হয়। তবে গ্যাস সংকটের কারণে গত বছরের ২১ ফেব্রুয়ারি থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

পরে একই বছরের ১৫ নভেম্বর থেকে কারখানায় গ্যাস সরবরাহ শুরু হলেও দীর্ঘ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতে উৎপাদনে যায় কর্তৃপক্ষ।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ বলেন, গ্যাস সরবরাহ শুরুর পর পর উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। তবে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করে উৎপাদন শুরু হয়েছে। গ্যাসের সমস্যা পুরোপুরি কেটে গেলে উৎপাদনেও গতি ফিরবে।