বাইকে ফিরছিল বাড়ি, কভার্ডভ্যান কাড়ল কিশোরের প্রাণ
“উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।”
নরসিংদীর শিবপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার মুন্সেফেরচর শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ইটাখোলা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান।
নিহত ১৭ বছর বয়সী ফয়সাল প্রধান একই এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী জহির প্রধানের ছেলে।
পরিদর্শক মনিরুজ্জামান বলেন, “ফয়সাল মোটরসাইকেলে করে মহাসড়ক হয়ে মুন্সেফেরচর নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলেল মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ফয়সাল গুরুতর আহত হলে তাকে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।”
নিহতের লাশ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
