২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে ‘মহাবিপন্ন’ প্রজাতির হলুদ কাছিম উদ্ধার

“আইইউসিএনের লাল তালিকায় পাহাড়ি হলুদ কচ্ছপকে ‘মহাবিপন্ন’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2026, 12:20 AM

Updated : 19 Sep 2026, 02:25 PM

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিক্রির জন্য বাজারে আনা একটি ‘মহাবিপন্ন’ প্রজাতির পাহাড়ি হলুদ কচ্ছপ উদ্ধার করেছে বনবিভাগ। 

বুধবার বিকালে উপজেলার বোয়ালখালী বাজারের জাফর স্টোর এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয় বলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের (ডব্লিউসিসিইউ) পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জানান। 

বনবিভাগ জানায়, স্থানীয় কয়েকজন বন্যপ্রাণী সংরক্ষণকর্মী বোয়ালখালী বাজারে কচ্ছপটি বিক্রির জন্য আনার বিষয়টি দেখতে পেয়ে বনবিভাগকে জানায়। বনবিভাগের মেরুং রেঞ্জের সহকারী বন কর্মকর্তা মোহাম্মদ জাফর উল্লাহ গিয়ে মাছ বহনের পরিত্যক্ত ড্রামের ভেতর থেকে কচ্ছপটি উদ্ধার করেন।

ডব্লিউসিসিইউ পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, উদ্ধার হওয়া পাহাড়ি হলুদ কচ্ছপ একটি ‘মহাবিপন্ন’ প্রজাতির। কচ্ছপটিকে বনবিভাগের হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে কচ্ছপটি বিক্রির জন্য নিয়ে আসা ব্যক্তি জানান, প্রাণীটি যে ‘মহাবিপন্ন’ প্রজাতির, সে বিষয়ে তার কোনো ধারণা ছিল না। না বুঝেই এটি তিনি একটি নালার পাশ থেকে ধরে বিক্রির জন্য বাজারে এনেছিলেন।”

মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাফর উল্লাহ বলেন, পাহাড়ি হলুদ কচ্ছপ বাংলাদেশের পার্বত্য বনাঞ্চল ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায়। বন উজাড়, আবাসস্থল ধ্বংস, অবৈধ শিকার এবং বন্যপ্রাণী পাচারের কারণে এ প্রজাতির সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। 

“প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএনের লাল তালিকায় পাহাড়ি হলুদ কচ্ছপকে ‘মহাবিপন্ন’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।”