২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বাস খাদে পড়ে আগুন, যাত্রী না থাকায় রক্ষা

বাসটির প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 03:34 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

চাঁদপুরের কচুয়া উপজেলার সাজিরপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যাত্রীবাহী বাস।

বুধবার ভোরে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের সাজিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কচুয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ছিদ্দিকুর রহমান জানান।

এ সময় বাসে আগুন লেগে অধিকাংশ পুড়ে যায়। তবে যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস বলছে, সেহেরির সময় হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা সজীব হোসেন বলেন, “আল-আরাফাহ্ নামে বাসটি ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ঈদকে সামনে রেখে যাত্রী আনার প্রস্তুতির সময়ই এই দুর্ঘটনা ঘটে।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন, “বাসটি প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদে পড়ে যাওয়ার পর তেলের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুন লাগে।” 

তিনি বলেন, “চালকের বেপরোয়া গতি কিংবা ঘুমের কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। বাকি তদন্ত করা হলে প্রকৃত ঘটনা বলা যাবে।”