Published : 02 Jun 2026, 07:31 PM
বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার ভাণ্ডারবাড়ী গ্রামের নদী তীরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ভাণ্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুল করিম আপেল, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হীরা, তরুণ উদ্যোক্তা তৌহিদুল ইসলাম এবং নাট্যকার জাহিদ হাসান সাগর বক্তব্য দেন।
বক্তারা বলেন, যমুনা নদীর ভাঙনের হুমকিতে রয়েছেন ভাণ্ডারবাড়ী, ভূতবাড়ী, পুখুরিয়া, সারিয়াকান্দী, রঘুনাথপুর, মাধবডাঙ্গাসহ কয়েকটি গ্রামের মানুষ। বছরের পর বছর ধরে বাপ-দাদা ভিটে মাটি রক্ষায় আতঙ্কে জীবনযাপন করছেন নদী তীরের বাসিন্দারা।
এর মধ্যে ভাণ্ডারবাড়ী ইউনিয়নের বিপুল ভিটেমাটি যমুনা নদীর গর্ভে বিলীন হয়েছে। ভাঙন দেখা দিলে পানি উন্নয়ন বোর্ড সাময়িকভাবে কাজ করেন। কিন্তু স্থায়ী সমাধান মিলছে না। ত্রাণ নয়, স্থায়ী বাঁধ চান বাসিন্দরা।
নতুন করে আর কোনো এলাকা যমুনা নদীর পেটে চলে যাওয়ার আগে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান বক্তারা।
বক্তাদের অভিযোগ, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে নদীতে বালি ভর্তি জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেন। কিন্তু যথাযথভাবে কাজটি সম্পন্ন হয়নি।
বর্তমানে যমুনার চরে হাজারো জিও ব্যাগ রয়েছে; এসব যমুনার ডান তীর এলাকায় ফেলার দাবি জানান এলাকাবাসী।