১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে নারীর মৃত্যু, আহত ১০

পুলিশ জানায়, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে নারীর মৃত্যু, আহত ১০
যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2025, 03:19 PM

Updated : 26 Aug 2026, 11:56 AM

মাদারীপুরের সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ১০ জন। 

সোমবার বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মোস্তফাপুর হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান জানান।   

নিহত মরিয়ম বেগম বাজিতপুরের আজিজুল সরদারের স্ত্রী।

ওসি মিজানুর বলেন, টেকেরহাট থেকে একটি যাত্রীবাহী বাস মাদারীপুরে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

“এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণে হারিয়ে খাদে পড়ে যায়৷ ঘটনাস্থলেই মরিয়মের মৃত্যু হয়। এসময় আহত হয় অন্তত ১০ জন। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।” 

তিনি বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশের পাশাপাশি উদ্ধার অভিযান শুরু করে মাদারীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।

ওসি বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশের চেষ্টায় ৩০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়।