Published : 20 Jul 2026, 07:48 PM
সাতক্ষীরা সদরে ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে বাসায় ফিরে বুকে ব্যথা নিয়ে এক আর্জেন্টিনা সমর্থক মারা গেছেন।
সোমবার ভোর ৬টার দিকে উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে বলে জানান সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর।
মৃত লাল্টু হোসেন (৩৫) ওই এলাকার মোটরসাইকেল মেকানিক ফজলু হোসেনের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক ছিলেন।
শফিক উদ দৌলা সাগর বলেন, লাল্টু হোসেন আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক ছিলেন। ফাইনাল ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর তিনি বড় পর্দায় খেলা দেখে নীরবে বাড়ি ফেরেন। কিছুক্ষণ পর তার বুক ধড়ফড় ও ব্যথা শুরু হয়।
পরে লাল্টুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে জানান স্বজনরা।
প্রতিবেশী রবিউল ইসলাম বলেন, “লাল্টুসহ তারা একসঙ্গে খেলা দেখছিলেন। আর্জেন্টিনা গোল হজম করার পর লাল্টুকে খুব ভেঙে পড়তে দেখি। এমনকি তাকে কান্না করতেও দেখেছি। পরে কখন যে সে বাড়ি চলে গেছে, বুঝতে পারিনি। কিছুক্ষণ পর শুনি সে মারা গেছে।”
সাতক্ষীরা পৌরসভার সাবেক নারী কাউন্সিলর ফারহা দিবা খান সাথী বলেন, জোহরের নামাজের পর রসুলপুর পশ্চিমপাড়া আহলে হাদিস জামে মসজিদ মাঠে জানাজা শেষে লাল্টুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
লাল্টুর মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।