Published : 12 Jan 2025, 11:51 PM
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন প্রতিহতের ঘোষণা দিয়েছেন একাংশের নেতাকর্মীরা।
রোববার দুপুরে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত ময়দানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা দাবি বাস্তবায়নে বিএনপির একাংশের আয়োজিত সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
১৮ জানুয়ারি এই জেলা সম্মেলন হওয়ার কথা রয়েছে।
জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজমের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মোমিনুল হক, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সাজিদুর রহমান সাজিদ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপির নির্যাতিত ও ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে জেলা সম্মেলনের তারিখ করা হয়েছে। তারা পূর্ণাঙ্গ ভোটার তালিকা তৈরি না করেই প্রহসনের সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে। যেকোনো মূল্যে তা প্রতিহত করা হবে।
তারা ভোটার তালিকা হালনাগাদ করার দাবি জানিয়ে বলেন, এ বিষয়ে কেন্দ্র থেকে দ্রুত কোনো সিদ্ধান্ত না এলে ১৬ জানুয়ারি আমরণ অনশনসহ বৃহত্তর আন্দোলন শুরু করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির সদস্যসচিব মো. সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “আমরা ১৪টি ইউনিটের মধ্যে আটটি ইউনিটের তালিকা এরই মধ্যেই প্রকাশ করেছি। যে ছয়টি ইউনিট নিয়ে আপত্তি ছিল এগুলোর তালিকাও সম্পন্ন হয়েছে। যে কোনো মুহূর্তে তালিকা প্রকাশ করা হবে।”
তিনি বলেন, “একটা পক্ষের তো কত আপত্তিই আছে। ১৮ জানুয়ারি সম্মেলন হবে ইনশাল্লাহ।”