২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নির্বাচন বানচালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শফিকুল আলম

“বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছেন।”

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 02:55 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার দুপুরে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ হুঁশিয়ারি দেন তিনি।

শফিকুল আলম বলেন, “ত্রযোদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছেন। যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে এবং আইনশৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে।

“এছাড়া যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, তাদের এই সরকার কঠোর হাতে দমন করবে।”

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যারা পতিত স্বৈরাচারের পার্টি, তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।

“তারা পলিটিক্যালি শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে। কিন্তু তারা সেটা না করে তাদের সরকার ও তাদের কর্মীরা সবাই রাইফেল-পিস্তল নিযে নেমেছে বাচ্চাকাচ্চা ছেলেদের খুন করার জন্য।”

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।